প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০০:২৩
জুলাই অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভুলব না: জামায়াত আমির

জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কখনো ভুলবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়নে শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকেও কাজে লাগাতে চায় জামায়াত।
রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিরা যেন দেশে ফিরে উন্নয়নে অবদান রাখতে পারেন, সে পরিবেশ তৈরি করতে চান তাঁরা। সুযোগ পেলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করা হবে।
জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, দেশের গণমাধ্যম যখন মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমেছেন। এ কারণে অনেকে গ্রেপ্তার, কারাবরণ ও শাস্তির মুখোমুখি হয়েছেন।
তিনি আরও বলেন, এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন, যা অত্যন্ত কষ্টের ও লজ্জার বিষয়।
প্রবাসীদের অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ দেশে ফিরলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। যাঁদের রেমিট্যান্স যোদ্ধা বলা হয়, তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অতীতেও সোচ্চার ছিলেন তাঁরা। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে প্রতিবাদ জানানো হবে।
জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিরোধীদলীয় নেতা বলেন, আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন। কিন্তু তাঁদের মনোবল হারাননি। জাতির প্রয়োজনে আবারও লড়াই করার প্রত্যয় জানিয়েছেন তাঁরা। এসব যোদ্ধা ও সাহসী মায়েরা দেশের শক্তি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা—এমন মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ছিল আন্দোলনের মূল স্লোগান। এ আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। মুগ্ধ, আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা ছিলেন অভ্যুত্থানের প্রকৃত নায়ক। শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নন, তাঁরা গোটা জাতির সম্পদ।
জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও কথা বলেছেন তাঁরা। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাজনীতি চলতে পারে না। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
তরুণ প্রজন্মের নেতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, তাঁরা বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিতে চান। দেশের নেতৃত্বে তরুণরা সামনে থাকবে এবং প্রবীণরা তাঁদের সহযোগিতা করবেন। তাঁদের এবারের প্রার্থী তালিকার ৬২ শতাংশের বয়স ৪৫ বছরের নিচে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।
সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে সমর্থন দেওয়া হবে। আর ভুল হলে প্রতিবাদ করা হবে। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি জনগণের রায়কে সম্মান জানানো, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলামসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।







