বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ, ভক্তদের ভিড়

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ, ভক্তদের ভিড়
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্সের ফরেস্ট হিলস এলাকায় জনপ্রিয় কাল্পনিক সুপারহিরো স্পাইডার-ম্যানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ইনগ্রাম স্ট্রিটের সঙ্গে স্পাইডার-ম্যানের দীর্ঘদিনের সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) এক আয়োজনের মধ্য দিয়ে সড়কটির নাম ‘স্পাইডার-ম্যান ওয়ে’ ঘোষণা করা হয়। এ উপলক্ষে সেখানে ভিড় করেন সুপারহিরোর ভক্তরা।

কমিকসের কাহিনিতে স্পাইডার-ম্যানের আসল নাম পিটার পার্কার। তাঁর বাড়ির ঠিকানা হিসেবে নিউইয়র্কের ফরেস্ট হিলস এলাকার টুয়েন্টি ইনগ্রাম স্ট্রিটের উল্লেখ রয়েছে। সেই কাল্পনিক ঠিকানার স্মৃতিকে সম্মান জানাতেই আসকান অ্যাভিনিউ ও ইনগ্রাম স্ট্রিটের সংযোগস্থলে ‘স্পাইডার-ম্যান ওয়ে’ লেখা একটি সড়ক-ফলক বসানো হয়েছে।

১৯৬২ সালে কমিকসের জগতে আত্মপ্রকাশ করে স্পাইডার-ম্যান। কয়েকটি সংখ্যা প্রকাশের পর তাঁর বাড়ি ফরেস্ট হিলসে বলে জানা যায়। পরে ১৯৮৯ সালে কমিকসে পিটার পার্কারের ঠিকানা হিসেবে টুয়েন্টি ইনগ্রাম স্ট্রিটের উল্লেখ করা হয়।

নামকরণ অনুষ্ঠানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান স্যাম বার্গার স্পাইডার-ম্যানের সঙ্গে কুইন্স ও ফরেস্ট হিলসের সম্পর্কের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘কয়েক দশক ধরেই স্পাইডার-ম্যানের নামের সঙ্গে কুইন্স, বিশেষ করে ফরেস্ট হিলস, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সেই নায়কদের মতো হতে চাই, যাদের দেখি বিপদের মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে।’

কাল্পনিক সুপারহিরোর সঙ্গে বাস্তবের একটি এলাকার এই সংযোগ স্পাইডার-ম্যান ভক্তদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়