প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে জ্বালানি খাত বর্তমানে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও দামে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘এ মুহূর্তে এমন পরিস্থিতিতে কেউ অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ধর্মঘট করার চেষ্টা করলে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে। কথায় কথায় ধর্মঘট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না।’
জনগণের ভোগান্তি এড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের আস্থা নিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। তাই জনগণ যেন কোনো ধরনের অসুবিধায় না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
ধর্মঘটের হুমকি দেওয়া ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের আলোচনার টেবিলে বসে বিষয়টি সমাধান করা উচিত।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়গুলো নিয়েই সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। সরকার সমস্যাগুলো সমাধানে কাজ করছে।







