মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন ভাবনায় দীপিকা

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে নতুন ভাবনায় দীপিকা
অনলাইন ডেস্ক

দ্বিতীয়বার মা হওয়ার পর মাতৃত্বের অভিজ্ঞতাকে ঘিরে নতুন একটি উদ্যোগের পরিকল্পনা করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে মা ও শিশুর স্বাস্থ্য এবং মাতৃত্বের শুরুর সময়ের নানা বিষয় নিয়ে বিশেষ একটি প্রকল্প নিয়ে ভাবছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। প্রথম সন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবরও ভাগ করে নেন তারকা দম্পতি।

তবে মাতৃত্বের এই নতুন অধ্যায় শুধু ব্যক্তিগত আনন্দেই সীমাবদ্ধ রাখতে চান না দীপিকা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বের শুরুর দিকের অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি বিশেষ প্রকল্পের পরিকল্পনা করছেন তিনি। যদিও প্রকল্পটির বিস্তারিত এখনো প্রকাশ্যে আসেনি।

দীপিকার দুই সন্তানকে লালন-পালনের অভিজ্ঞতাই এ উদ্যোগের অন্যতম অনুপ্রেরণা বলে জানা গেছে। পরিকল্পনাটি বাস্তবায়নে তার সঙ্গে কাজ করছেন সাবিকা পাটনী। ভারত ও যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং ভোগ্যপণ্য খাতে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে নারী স্বাস্থ্য এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিয়ে কাজ করছেন সাবিকা।

কর্মজীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য নিয়ে এর আগেও কথা বলেছেন দীপিকা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন তিনি। পাশাপাশি ২০১৫ সালে নিজের বিষণ্ণতা ও উদ্বেগের অভিজ্ঞতার কথা প্রকাশ করে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য গড়ে তোলেন ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’।

মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হলেও অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন না দীপিকা। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া অল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়