রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০০:২১

বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। এ বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তাঁর চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে নাজিম উদ্দিন বিয়ের দাওয়াত দিতে মাসুম মিয়ার বাড়িতে গেলে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তাঁর ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এতে গুরুতর আহত হন নাজিম উদ্দিন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করেই নাজিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়