শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ম্যাচের বেশির ভাগ সময় আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না লাল-সবুজের প্রতিনিধিরা। অবশেষে বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পেয়েছে জামাল ভূঁইয়ার দল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচের ৬৯ মিনিটে ইব্রাহিমের করা একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশ। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে গেল দলটি।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। দুই উইং ব্যবহার করে একের পর এক আক্রমণ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়। ডান দিক থেকে রাকিবের বাড়ানো ক্রস বক্সে থাকা বিশ্বনাথের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জামাল ভূঁইয়া। তবে সেটিও আটকে যায় ভুটানের রক্ষণে।

১৮ মিনিটে রাকিবের ক্রস থেকে দূরের পোস্টে হেড করেন বিশ্বনাথ। কিন্তু তাঁর হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৫ মিনিটে প্রায় ফাঁকা অবস্থায় বল পেয়েও গোল করতে পারেননি তিনি। ৩৯ মিনিটেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন বিশ্বনাথ।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। বিরতিতে যাওয়ার সময় বল দখলে বাংলাদেশের পরিসংখ্যান ছিল ৬৪ শতাংশ, বিপরীতে ভুটানের ৩৬ শতাংশ। প্রথম ৪৫ মিনিটে বাংলাদেশ ১২টি এবং ভুটান চারটি শট নেয়। তবে লক্ষ্যে শট ছিল দুই দলেরই দুটি করে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহামিদুল ইসলামকে মাঠে নামান বাংলাদেশের কোচ টমাস ডুলি। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নেওয়া হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেও ক্রসনির্ভর আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অন্যদিকে ভুটানের রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়।

অবশেষে ৬৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। এর কিছুক্ষণ আগে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথকে তুলে নিয়ে মোহাম্মদ ইব্রাহিম ও সোহেল রানা জুনিয়রকে মাঠে নামান কোচ। বদলি হিসেবে মাঠে নেমেই গোল করে কোচের আস্থার প্রতিদান দেন ইব্রাহিম।

ভুটানের বক্সে ক্রস থেকে আসা বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডের পর বল গোলমুখের সামনে চলে এলে সুযোগ বুঝে পা বাড়িয়ে জালে পাঠান ইব্রাহিম। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

গোল পাওয়ার পর ব্যবধান বাড়ানোর পাশাপাশি লিড ধরে রাখার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরও দুটি পরিবর্তন আনেন কোচ। কাজেম শাহ ও জায়ান আহমেদের পরিবর্তে মাঠে নামেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া।

নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় আরও পাঁচ মিনিট। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত ইব্রাহিমের গুরুত্বপূর্ণ গোলে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল। এই জয়ে সাফের সেমিফাইনালে ওঠার পথে আত্মবিশ্বাস পেল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়