প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে ফোন জামায়াত আমিরের, পাশে থাকার আশ্বাস

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক হোসেনের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তিনি তাঁদের ফোন করেন। পরে নিজের ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানান জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে কথা বলার সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। দুই ভাই এতিম অবস্থায় অনেক কষ্টে বড় হয়েছেন। অভাবের সংসারে বেড়ে ওঠা দুই ভাই একই পোশাক কারখানায় চাকরি করতেন। কিন্তু চোখের সামনে ভাইকে হারিয়ে বড় ভাই শোকে ভেঙে পড়েছেন। হাসপাতালে গিয়েও সংজ্ঞাহীন অবস্থায় থাকা ভাইয়ের সঙ্গে শেষ কথা বলতে পারেননি তিনি।
তৌফিকের স্ত্রীও অভাবের কারণে পোশাক কারখানায় কাজ করতেন। তবে তাঁদের একমাত্র সন্তানের জন্মের পর তার লালন-পালনের জন্য চাকরি ছেড়ে দেন। তাঁদের ১১ মাস বয়সী সন্তান সিয়ামের কথা বলতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন তিনি।
জামায়াত আমির আরও লেখেন, পরিবারের গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় মাথা গোঁজার মতো নিজস্ব এক ইঞ্চি জমিও নেই। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তাঁরা। পরিবারটির এমন পরিস্থিতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ন্যায়বিচার পেলে বিধ্বস্ত স্ত্রী ও পরিবারটি কিছুটা হলেও সান্ত্বনা পাবে। পাশাপাশি জামায়াতে ইসলামী এই পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
ফোনালাপের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির আব্দুল করিম, সাবেক জেলা আমির ও চিকিৎসক ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা আমিরসহ স্থানীয় নেতারা।







