প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩
সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, স্বাভাবিক যান চলাচল

গাজীপুরে বেতন বৃদ্ধি ও ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সড়কে এখনো কিছুটা ধীরগতি রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন।
একপর্যায়ে সকাল ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে শ্রমিকরা মহাসড়কের অন্য স্থানে জড়ো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবারও ধাওয়া দেন। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।
এরপর বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা সড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পল্লী বিদ্যুতের শ্রমিকরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া জরুন এলাকায়ও শ্রমিকদের অবস্থান নেওয়ার চেষ্টা ছিল। তবে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।







