প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:১৮
৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, জারি সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপানের আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগরের তলদেশে, প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপন্ন হওয়ায় এর কম্পন বিস্তীর্ণ এলাকায় তীব্রভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই জেএমএ সুনামি সতর্কতা জারি করেছে। সংস্থাটির আশঙ্কা, এর ফলে সর্বোচ্চ ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি জেলায় ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৫ জুন জাপানে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেবারও বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থান করায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। প্রতি বছর বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই জাপানে ঘটে।







