প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭
অন্তহীন যুদ্ধ থামিয়ে শান্তির পথে আসুন: পুতিনকে মোদি

ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তির পথে এগিয়ে আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ’ থেকে বেরিয়ে এখন যুদ্ধ বন্ধের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়।
পুতিনকে উদ্দেশ করে মোদি বলেন, যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পিছিয়ে দেয়। অন্যদিকে শান্তির দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ মানবতার মধ্যে নতুন আশা ও উদ্দীপনা তৈরি করে। তাই যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোদির আহ্বানের জবাবে পুতিন বলেন, তারা যুদ্ধ বন্ধের দিকেই এগোচ্ছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর চার বছরের বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে।
এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলার জবাবে দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। গত কয়েক দিনে রাশিয়ার বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামোতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে জানা গেছে।







