সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫০

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা
অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে এসব বিমানবন্দরে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

ইন্দোনেশিয়ার দুই প্রধান দ্বীপ জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা প্রণালির একটি দ্বীপে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরি সক্রিয় হয়ে বিপুল পরিমাণ লাভা, গ্যাস ও ছাই উদ্গীরণ করছে। এর প্রভাবে বিমান চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর)ও আটটি বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণসহ সব ধরনের ফ্লাইট কার্যক্রম বন্ধ রয়েছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির কারণে মোট ১ হাজার ৫৫৮টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

গত শুক্রবার রাতে আনাক ক্রাকাতাউ সক্রিয় হয়ে ওঠে। এরপর দেশটির বিস্তীর্ণ এলাকায় নিম্নমাত্রার ভূকম্পন অনুভূত হওয়ার পাশাপাশি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে গ্যাস, ছাই ও লাভা বের হতে শুরু করে। রোববারও আগ্নেয়গিরিটিতে দুই দফা অগ্ন্যুৎপাত হয়েছে।

পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরগুলোতে আটকা পড়া যাত্রীদের বেশির ভাগই সিঙ্গাপুর, দোহা, সিডনি ও কুয়ালালামপুরগামী বা এসব গন্তব্য থেকে আসা যাত্রী।

ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগনাদি সাংবাদিকদের বলেন, পশ্চিম জাভার বিভিন্ন এলাকাতেও আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ার তথ্য পাওয়ার পর বিমানবন্দরগুলোর ফ্লাইট কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আটকা পড়া যাত্রীরা চাইলে টিকিটের পুরো অর্থ ফেরত পাবেন। একই সঙ্গে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে দ্রুত যাত্রীদের জানানোর জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়