প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৩:২৪
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল ফার্ম) নিয়োগ দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার এ বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছে।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনস ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ চলছে। সম্প্রতি শুধু বেনজীর আহমেদের বিষয়টি দেখভালের জন্য একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে আদালতে জামিন বাতিলের আবেদন অনুসরণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের পূর্ণাঙ্গ শর্তাবলি জানতে আদালতের প্রত্যয়নিত অনুলিপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই নথি হাতে পাওয়ার পর আইনি প্রক্রিয়া আরও জোরদার করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার আশা করছে জামিন বাতিল করে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এতে রাজশাহী রেঞ্জ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।







