প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০১:৪৩
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের সর্বাত্তম ও অনুকূল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেয়। প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, দায়িত্ব গ্রহণের প্রায় দুই মাস পার করা নতুন এই কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিনিধিদলের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের সার্বিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।







