প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:৫৪
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও স্মৃতি পদক অনুষ্ঠিত

ভিন্নমাত্রা প্রকাশনীর উদ্যোগে ২০২৬ সালে প্রকাশিত বইগুলোর লেখকদের সংবর্ধনা এবং ‘কবি আল মুজাহিদী স্মৃতি পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাংলা একাডেমির কবি আল মাহমুদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের লেখক, কবি, শিক্ষাবিদ ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উইজডম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান কবি মনিরুল ইসলাম। তিনি সাহিত্যচর্চা, লেখকদের ভূমিকা এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. ইকরামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবি এ টি এম ফারুক আহমেদ, লেখক, গবেষক ও ফার্মাসিস্ট বিনয় কৃষ্ণ বাড়ৈ এবং লেখক, সংগীতশিল্পী ও কবি বিধান চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ পোর্টাল সংবাদ৩৬০-এর প্রধান বার্তা সম্পাদক, কবি, বাচিক শিল্পী ও উপস্থাপক নাজনীন তৌহিদ। প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ আয়োজনের মধ্য দিয়ে ভিন্নমাত্রা প্রকাশনী তাদের প্রকাশিত বইয়ের লেখকদের সম্মাননা দেওয়ার পাশাপাশি সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি প্রদান করে।







