শনিবার, ২২ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০১:০২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমাধিস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিরাপত্তাবেষ্টনীর বাইরে অবস্থান করা দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একাধিকবার শ্রদ্ধা নিবেদন করেছেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়