প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৩:২২
সিল ছাড়া দোকানে মাংস বিক্রি নয়, জব্দসহ ব্যবস্থা নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে। বিক্রির আগে মাংস সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি মাংসে থাকতে হবে পরীক্ষিত হওয়ার সিল।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে। সিল ছাড়া মাংস বিক্রি করা হলে তা জব্দ করা হবে। পাশাপাশি অনুমোদিত স্থান ছাড়া পশু জবাই করে মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না। কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে। আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সংশ্লিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হবে।
আবদুস সালাম বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি সঠিকভাবে জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগে আক্রান্ত ছিল কি না—এসব নিশ্চিত হওয়ার সুযোগ থাকে না। এমনকি গরুর মাংসের নামে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না।
এসব বিষয় নিশ্চিত করতেই নির্ধারিত জবাইখানায় পশু জবাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। দায়িত্ব পালনে কেউ অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।







