সোমবার, ৩১ আগস্ট, ২০২৬  |  

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৪:১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিন: বিজিবিকে রাষ্ট্রপতি

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিন: বিজিবিকে রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি বিজিবির সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি বাড়াতে বাহিনীতে অত্যাধুনিক ড্রোন ও আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

সীমান্ত সুরক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বিজিবিকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাষ্ট্রপতি বিজিবিকে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়