প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৩
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১০০

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০ জন। একই সময়ে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরে প্রথম দুই দিনে ১০ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৮০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৪৩৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৪৪০ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৭৫, খুলনায় ১৯০, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১ এবং ময়মনসিংহে ৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।







