বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩২

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটিতে আনুপাতিক সভাপতি পদ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটিতে এলে স্থায়ী কমিটিতে আনুপাতিক সভাপতি পদ: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নিলে তাদের আসনের আনুপাতিক হারে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে বিরোধীদলীয় উপনেতা সংসদীয় কমিটিতে আনুপাতিক হারে সভাপতি পদ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল বাইরে রাজনীতি না করে সংসদে এসে আলোচনা করুক।

তিনি বলেন, ‘আপনারা (বিরোধী দল) বাইরে রাজনীতি না করে সংসদে আসুন, এখানেই কথা বলি। সংবিধান সংশোধন কমিটিতে আপনারা অংশগ্রহণ করলে আমরা ধরে নেব যে, আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সহযোগিতার জন্য আসছেন। কিন্তু আপনারা সহযোগিতায় আসবেন না, আবার এখনই পাক্কা হিস্যা চাইবেন—এই দুটি বিষয় সাংঘর্ষিক।’

বিরোধী দলের আনুপাতিক হারে কমিটির সভাপতি পদ পাওয়ার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধির কোথাও বিরোধীদলীয় সদস্যদের আসনের অনুপাতে সভাপতি পদ দেওয়ার কথা বলা নেই। অতীতের সংসদেও এমন কোনো নজির নেই।

তবে রাজনৈতিক সমঝোতা ও বিদ্যমান প্রথা অনুযায়ী বিরোধী দলের সদস্যদের সংখ্যার অনুপাতে ২৬ শতাংশ কমিটিতে তাদের রাখা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, কার্যপ্রণালি বিধিতে বাধা না থাকলেও এটিকে বিরোধী দল তাদের ‘অধিকার’ হিসেবে দাবি করতে পারে না।

সংসদে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় স্বৈরাচারের আশঙ্কা তৈরি হতে পারে—বিরোধীদলীয় উপনেতার এমন বক্তব্যের জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২০০১ সালের সংসদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। তখনও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করা হয়নি। একইভাবে ১৯৭৯ সালের সংসদে জিয়াউর রহমানের সময়ও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। তার দাবি, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলে গণতান্ত্রিক ও সংসদীয় পদ্ধতি আরও সুদৃঢ় হয়।

সংসদীয় কমিটি গঠনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয়-সম্পর্কিত ৩৯টি এবং সংসদীয় আরও প্রায় ১১টি কমিটি রয়েছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সরকার ও বিরোধী পক্ষ উভয়েই স্বাক্ষর করেছে। সেই সনদ অনুযায়ী আনুপাতিক হারে বিরোধী দলকে কমিটির সভাপতি পদ দেওয়া হবে। তবে পদাধিকারবলে স্পিকার যে কমিটির সভাপতি, সেটি এর আওতামুক্ত থাকবে।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংশোধন হলে কমিটিগুলো পুনর্গঠন করে অনুপাত অনুযায়ী বিরোধী দলকে সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি আসন রাখা হয়েছে। বিরোধী দল সংস্কার চায়, সরকার সংবিধান সংশোধন চায়—দুটির উদ্দেশ্য একই। তাই বিরোধী দলের উচিত ওই কমিটিতে অংশ নেওয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়