প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭
গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জাহেদ উর রহমান

গ্যাসের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাস সরবরাহের সংকট দূর হলে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। ফলে বর্তমানে যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তা আর এতটা প্রকট থাকবে না বলে আশা করা হচ্ছে।
ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীবাসীকেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।
তিনি বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’—সরকার এমন ধারণা থেকে সরে এসেছে। এ কারণেই বর্তমানে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হচ্ছে।
আগের সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, তখন ঢাকায় তুলনামূলকভাবে লোডশেডিং কম ছিল। রাজধানীর মানুষের সামাজিক ও রাজনৈতিক প্রভাব বেশি থাকায় ঢাকায় লোডশেডিং না দেওয়ার প্রবণতা ছিল বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিং আগের তুলনায় কম ছিল।
তিনি জানান, ২০২৩ সালের জুনে দেশে দৈনিক গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। বিপরীতে ২০২৬ সালের জুনে গড় লোডশেডিং ছিল ৭৪১ মেগাওয়াট। একইভাবে, ২০২৩ সালের জুলাইয়ে গড়ে ৬১৩ মেগাওয়াট লোডশেডিং হলেও ২০২৬ সালের জুলাইয়ে তা কমে ৪৬০ মেগাওয়াটে দাঁড়ায়।







