প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯
বাঁধনের ওপর হামলায় কাউকে ছাড় নয়: উপদেষ্টা জাহেদ উর রহমান

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।’
তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না মন্তব্য করে বলেন, ‘এটি একটি মাফিয়া গ্যাং।’
এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসীর হাতে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি জানান, তার ওপর পানি ও পচা ডিম ছোড়া হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবেও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী।
বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এ ঘটনা ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কয়েকজনকে তাকে হেনস্তার চেষ্টা করতে দেখা গেছে বলে জানা যায়।
ফেসবুক লাইভে বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করেন। তারা পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারও করেন বলে জানান তিনি।
ঘটনার পর বাঁধন স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন। তিনি ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন।







