বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৪

২৮০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী

২৮০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৭ সেপ্টেম্বর এ সম্মানি প্রদান করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলার ২৭০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে সম্মানি প্রদান করবেন। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসমাইল জবিউল্লাহ বলেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানি দিতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রথম বছরে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন সুবিধাভোগীকে সম্মানি দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সম্মানি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কোনো ধরনের হয়রানি বা অনিয়ম ছাড়াই যথাসময়ে তাঁদের প্রাপ্য অর্থ পান।

ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে সম্মানি পৌঁছে দিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে সম্মানি দেওয়া হবে।

মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও ইনপুটের কাজ শেষ হওয়ার পর আগামী মাসের প্রথমার্ধে সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গত জুলাই থেকে প্রযোজ্য সম্মানি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সরকারের নির্বাচনি ইশতেহার ২০২৬ অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানি, উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬’-এর গেজেট জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়