বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৬

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির
অনলাইন ডেস্ক

ভারতে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে ঢাকা সন্তুষ্ট নয়। তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপক্ষীয় সফর ও আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছি। যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপক্ষীয় সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি ঢাকা।

গঙ্গা পানি চুক্তি নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানেই সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে।

বাণিজ্য ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। তবে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন করে জানানোর মতো আপডেট নেই।

রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের জটিল বিষয়ে হঠাৎ করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, দ্রুততম সময়ে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর বিষয়ে বাংলাদেশ আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়