মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২

২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক গণমাধ্যম।

সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ইকে২০২ ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। ২৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে প্রায় ছয় ঘণ্টা ট্রানজিট করবেন তিনি। এরপর ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতিসংঘ অধিবেশনে ব্যস্ত কর্মসূচি

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর। এদিন জাতিসংঘ মহাসচিবের আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন তিনি। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।

২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্য মোকাবিলাসংক্রান্ত বিভিন্ন উচ্চপর্যায়ের সভায় অংশ নেবেন তিনি।

একই দিন বাংলাদেশের আয়োজনে রোহিঙ্গা সংকটবিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক একটি সাইড ইভেন্টেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

বিনিয়োগে গুরুত্ব

সফরে অর্থনৈতিক কূটনীতিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ওয়াল স্ট্রিটসহ বিভিন্ন ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তি খাত, দক্ষতা ও মানবসম্পদ উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় ফেরার মধ্য দিয়ে তাঁর যুক্তরাষ্ট্র সফর শেষ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়