শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৩:২৩

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা

একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা
অনলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একদিনের ব্যবধানে ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। আগের দিন এ দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নির্ধারিত দাম ও নিয়ম কার্যকর থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়