প্রকাশ : ২২ জুন ২০২৬, ২৩:০৬
ক্যালকুলেটরে হিসাব করে প্রকল্পের কমিশন দাবি পিআইওর, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য উপস্থিত রয়েছেন। সেখানে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের পরিমাণ উল্লেখ করে ১৫ শতাংশ হারে টাকার হিসাব করতে দেখা যায় বাবুল চন্দ্র রায়কে।
ভিডিওর একপর্যায়ে একজন ইউপি সদস্য তার প্রকল্পের বরাদ্দের পরিমাণ জানালে পিআইও ক্যালকুলেটরে হিসাব করে বলেন, ‘দুই লাখ ৫৬ হাজার টাকার ১৫ শতাংশ হলে ৩৮ হাজার টাকা আসে।’
এ সময় ওই সদস্য বলেন, ‘স্যার, একটু কম করে নেন। ৩৮ হাজার টাকা দিলে কাজের কোনো লাভই থাকে না ‘ জবাবে পিআইওকে বলতে শোনা যায়, ‘মেম্বারদের কোনো দিনই লাভ হয় না। আমি এত দিন পিআইও আছি, কোনো মেম্বারকে বলতে শুনিনি যে তার লাভ হয়েছে।’
ভিডিওতে আরও দেখা যায়, অন্য একটি প্রকল্পের বরাদ্দের হিসাব করে তিনি ২৪ হাজার টাকা এবং আরেক প্রকল্পের জন্য ১৮ হাজার টাকা দিতে হবে বলে উল্লেখ করেন। উপস্থিত কয়েকজন সদস্যকে প্রকল্পভিত্তিক টাকার পরিমাণ হিসাব করে জানাতেও দেখা যায় তাকে। একপর্যায়ে একজন সদস্য বলেন, ‘কাজ তো এবার শতভাগ করেছি, স্যার।’ অন্য একজন সদস্য কমিশনের টাকা কিছুটা কম নেওয়ার অনুরোধও করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পিআইও বাবুল চন্দ্র রায়। তিনি বলেন, ওরা কাজ না করেই বিল নিতে এসেছিল। সেই প্রসঙ্গে এসব কথা হয়েছে। কমিশন নেওয়ার কোনো বিষয় নয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব। স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







