প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৩:৫৮
বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে প্রাণ গেল নববধূর

সিঁদুর খেলার আনন্দে মেতেছিলেন স্বজন ও পরিচিতদের সঙ্গে। দুর্গাপ্রতিমার কপালে সিঁদুর দিতে গিয়েই হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন ২০ বছর বয়সী তন্নী দে। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। বিজয়া দশমীর আনন্দঘন পরিবেশ মুহূর্তেই পরিণত হয় শোকের মাতমে। বুধবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। নিহত তন্নী দে উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল তার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে চার মাস আগে বিয়ে হয় তন্নীর। বিয়ের পর বাবার বাড়িতে এবারই প্রথম দুর্গাপূজা উদযাপন করছিলেন তিনি। কিন্তু সেই উৎসবই শেষ পর্যন্ত তার পরিবারের জন্য হয়ে উঠল আজীবনের বেদনার স্মৃতি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিজয়া দশমীর রাতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নী। সেখানে স্বজন ও পরিচিতদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তিনি। একপর্যায়ে দুর্গাপ্রতিমার চরণ ও কপালে সিঁদুর দিতে গেলে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। এরপর সেখানেই লুটিয়ে পড়েন তিনি।
উপস্থিত স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদারসহ স্থানীয়দের সূত্রে ঘটনাটি জানা গেছে। তন্নীর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, আকস্মিক গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন বলেন, তালার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। নিহত তন্নী দে উপজেলার কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল তার।







