প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৪:০৪
সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী

সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।
পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁর মোংলা নৌঘাঁটির জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নবিরতি এবং বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






