বুধবার, ২১ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০১:২০

ভাটারায় বাড়িতে মাদক উদ্ধার, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

ভাটারায় বাড়িতে মাদক উদ্ধার, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড
অনলাইন ডেস্ক

রাজধানীর ভাটারা এলাকায় ভাড়া দেওয়া বাড়িতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে। ওই বাড়ি থেকে ২৬ নারীসহ মোট ৮৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকায় আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযান চলে মঙ্গলবার দুপুর পর্যন্ত। এ সময় বাড়িটি থেকে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ডিবির দাবি, বাড়িটিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ মাদক সেবনের উদ্দেশ্যে যাতায়াত করতেন। অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়