প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৫
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইনের যথার্থ ব্যাখ্যাই দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত কোনো বাধা নেই। আইনি প্রক্রিয়ার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা আগের মতোই থাকবেন। আইনও আগের মতো বহাল রয়েছে। ফলে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
এ সময় সরকারের কার্যক্রম ও পরিবর্তন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘আমাদের ব্যাপারে আপনারা আশা রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। ইতিবাচক পরিবর্তন হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







