প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৩৫
খুলনায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় একটি ইটভাটায় ঢুকে ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
বুধবার (১২ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফখরুল শেখ রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুই মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি তাদের পরিবারের। সেখানে বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য ফখরুল মাঝেমধ্যে রাতে ভাটায় পাহারা দিতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন।
রাতের কোনো একসময় কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফখরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ফখরুলের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







