বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন সামরিক ঘাঁটি খালি করে তা সিরিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা Reuters।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। প্রায় এক যুগ আগে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর উত্থানের সময় এসব ঘাঁটি স্থাপন করা হয়।

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ-এর আমলে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যে ২০১৪ সালে আইএসের উত্থান ঘটে। অল্প সময়ের মধ্যেই সংগঠনটি সিরিয়া ও ইরাক-এর বিস্তীর্ণ এলাকা দখল করে নিজেদের আলাদা রাষ্ট্র ঘোষণা করে।

আইএসকে দমনে ২০১৪ সালে সিরিয়ায় প্রায় ২ হাজার সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। বর্তমানে বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের সবাইকে ধাপে ধাপে প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘আইএস বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। এই গোষ্ঠীকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ এবং মধ্যপ্রাচ্যে আইএসের যে কোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘সিরিয়ায় যখন আইএসের উত্থান হয়েছিল, সে সময় গোষ্ঠীটিকে দমনে সিরীয় সরকারকে সহযোগিতা করতে দেশটিতে সেনা পাঠানো হয়। এখন পরিস্থিতি বদলেছে। সিরিয়ায় একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকি আগের তুলনায় দুর্বল। তাই সেখান থেকে সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি গ্রুপকে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়