প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১
সিডনি মাতাবেন জেমস, সঙ্গে রূপম ইসলাম

অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউল জেমস ও ওপার বাংলার ব্যান্ড ফসিলসের রূপম ইসলাম। আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ কনসার্ট।
কনসার্ট উপলক্ষে আয়োজকদের প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস জানান, নগরবাউল ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছে।
ভিডিও বার্তায় ভক্তদের আমন্ত্রণ জানিয়ে জেমস বলেন, ‘আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।’
বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে নগরবাউল। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কয়েকটি গানের কাজও এগিয়ে নিচ্ছে ব্যান্ডটি।
জেমস ও রূপম ইসলামের এর আগেও একই মঞ্চে সংগীত পরিবেশনের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের একটি কনসার্টে একসঙ্গে পারফর্ম করেছিলেন দুই বাংলার জনপ্রিয় এই দুই রকশিল্পী।
এবার সিডনির মঞ্চে আবারও তাঁদের একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দুই বাংলার সংগীতপ্রেমীরা।







