বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

ভোটে বাধা বা কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ
অনলাইন ডেস্ক

নির্বাচনে কোনো ধরনের বাধা, কারচুপি বা টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, অনিয়মের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন ইসি সানাউল্লাহ। ভোট প্রদান শেষে কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক। পরিদর্শিত কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় প্রায় ১৫০ জন ভোটার ভোট দিয়েছেন। দিন শেষে ভোটার উপস্থিতির হার সন্তোষজনক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও ভোটগ্রহণে বাধা বা বড় ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। শহরাঞ্চলে ভোটাররা সাধারণত কিছুটা দেরিতে কেন্দ্রে আসেন, তবে গ্রামাঞ্চলের অনেক কেন্দ্রে সকাল থেকেই ভালো উপস্থিতি দেখা গেছে। কিছু কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি পুরুষদের চেয়েও বেশি বলে জানান তিনি, যা ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

ভোটার তালিকায় নাম না পাওয়া বা কারিগরি জটিলতার বিষয়ে তিনি বলেন, সামান্য প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে, তবে সেগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা রয়েছে। মাইগ্রেশন সংক্রান্ত বিষয়গুলোও যাচাইয়ের সুযোগ আছে।

ভোট কেনাবেচার অভিযোগ প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, অসাধু উপায়ে টাকা লেনদেনের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকটি স্থানে সন্দেহভাজনদের আটকের ঘটনা ঘটেছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রমাণ বলে তিনি মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকে বৈশ্বিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন ভুল তথ্য প্রতিরোধে কাজ করছে। তবে রাজনৈতিক পরিবেশ ও জনসম্পৃক্ততা বিবেচনায় কোনো অপ্রয়োজনীয় কঠোরতা আরোপ করা হয়নি। এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দিতে এসে ইসি সানাউল্লাহ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন কাজ করছে। সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে বলেও তিনি আশ্বস্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়