প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৯
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি এ জন্য দলীয় নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানান।
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনী প্রচারণা থেকে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযমী বক্তব্য এবং কর্মীদের শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপালনকালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতার কথাও স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন, জলবায়ু সংকট, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের মতো ইস্যুতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়ের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিনির্ভর বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ প্রদান, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন ভবিষ্যতের দিনগুলোতে তা অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।
তিনি বলেন, আমি মহান আল্লাহ তায়ালার কাছে আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করছি।







