শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১২

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৪ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

একই তথ্য জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। তাদের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার।

এ দিকে মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

সংস্থাটি বলছে, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কিছু এলাকাতেও (যেমন বারাসাত) এই ভূকম্পন অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়