প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ২০:২৪
আনন্দ-সম্প্রীতির বন্ধনে উদযাপিত হোক ঈদুল ফিতর: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে প্রতিফলিত হলে একটি মানবিক ও ন্যায্যতাভিত্তিক সমাজ গড়ে ওঠা সম্ভব।
তিনি আরও বলেন, ঈদুল ফিতরের প্রকৃত তাৎপর্য হলো ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া।
এ সময় সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
বার্তায় জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।
সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত হোক এবং দেশ ও জাতি এগিয়ে যাক শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে।







