মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬  |  

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
অনলাইন ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায়, তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরাপুর এলাকার সুমন (২১), একই এলাকার বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং ছয়জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ চালায়। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের ওপর অবস্থানরত যাত্রীরাই এ দুর্ঘটনায় হতাহত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়