রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬  |  

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রেস সচিব

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে: প্রেস সচিব
অনলাইন ডেস্ক

জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ ভবনে সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার জনগণের সরাসরি ভোটে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত কার্যালয়ে বসে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন এবং জনগণের সঙ্গে সংযোগ রাখছেন।

তিনি আরও বলেন, সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মন্ত্রীরাও তাদের কাজের অগ্রগতি সরাসরি জনগণের সামনে তুলে ধরবেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর দৈনন্দিন কার্যক্রম নিয়মিতভাবে গণমাধ্যমে জানানো হচ্ছে। তবে প্রতিদিন সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হওয়া সম্ভব না হওয়ায় নিয়মিত সংবাদ ব্রিফিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্ররা সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির যুগে বিশ্ব এখন একটি ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে। তাই দেশ-বিদেশের বিভিন্ন বিষয়ে মানুষের জানার আগ্রহ বাড়ছে। সরকার যৌক্তিক সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত এবং সাংবাদিকদের জন্য ফোন ও ইমেইলের মাধ্যমে তথ্য জানার সুযোগ রাখা হয়েছে।

সালেহ শিবলী জানান, তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের ৬৪টি জেলা তথ্য অফিস এবং উপজেলা পর্যায়ের তথ্য অফিসগুলোকে আরও কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব অফিসকে স্থানীয় পর্যায়ে সঠিক তথ্য সরবরাহ এবং অপতথ্য প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সব তথ্য যেমন সত্য নয়, তেমনি যাচাই ছাড়া সবকিছু বিশ্বাস করারও সুযোগ নেই।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নিজেদের বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করতে হবে।

সরকারের দুই মাসের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সবচেয়ে বড় অর্জন হচ্ছে জনগণের আস্থা ফিরে আসা। প্রধানমন্ত্রী জনগণের মাঝে থেকে কাজ করছেন এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন ও উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়