সোমবার, ১৩ জুলাই, ২০২৬  |  

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১:০৮

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তৌসিফ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তৌসিফ
অনলাইন ডেস্ক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে মোড়লগঞ্জের কৃতি ছাত্র তৌসিফ আলম শিহাত। সম্প্রতি প্রকাশিত ফলাফলে সে সর্বোচ্চ ক্যাটাগরি অর্থাৎ 'ট্যালেন্টপুল'-এ বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।

​সে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হমাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার ফলাফল বিবরণী অনুযায়ী, তৌসিফ আলম শিহাতের রোল নম্বর ২০৭১৪০৪। সে খুলনা বিভাগের একজন সফল পরীক্ষার্থী হিসেবে এই গৌরবোজ্জ্বল ফলাফল বয়ে এনেছে।

​তার এই অসামান্য সাফল্যে হমাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তৌসিফের এই অর্জন বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে অনুপ্রাণিত করবে।

​তৌসিফের পিতা মো. শরিফুল আলম (নিপু) ও মাতা সুমনা নাজমিন তার এই সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে তাকে একজন দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সে মোরেলগঞ্জ উপজেলার ৫ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট জিলবুনিয়া গ্রামের সিকদার বাড়ির গর্বিত সন্তান ও সিকদার মোহাম্মদ সামসুল আলম (নিলু সিকদার) ও মিসেস মনোয়ারা আলম -এর পৌত্র।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষা, একাধিকবার ফল প্রকাশের তারিখ পরিবর্তন এবং ফল আগাম উন্মুক্ত হওয়ার বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল।

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) নির্বাচিত হয়েছে ৩২,৯৬৫ জন শিক্ষার্থী। বাকি ৪৬,২৮১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক ঘোষণার পর পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস অফিশিয়াল ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল একযোগে উন্মুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য ব্যবহার করে সহজেই পূর্ণাঙ্গ মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে পারছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়