শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও মর্যাদার প্রতি সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ভিত্তি হওয়া উচিত।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি শান্তিপূর্ণ ও মানবিক বিশ্বব্যবস্থা দেখতে চায়, যেখানে মারণাস্ত্রের পরিবর্তে যুক্তি, কূটনীতি, শিক্ষা ও মানবতা পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করবে। পাশাপাশি একে অপরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘকে কেন্দ্রীয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

নিরস্ত্রীকরণে বাংলাদেশের অবস্থান

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন খাতের বাজেট সামরিক খাতে সরিয়ে নেওয়ার প্রবণতা বিশ্বশান্তির পথে বাধা সৃষ্টি করছে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পূর্ণাঙ্গ ও সাধারণ নিরস্ত্রীকরণ, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতিসংঘের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations that Delivers for All’ অত্যন্ত প্রাসঙ্গিক।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ বহুপক্ষীয়তার নীতিতে অটল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ ও অন্তর্ভুক্তিমূলক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীদের সাহসী অংশগ্রহণ ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচির প্রতি দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

তিনি জানান, বাংলাদেশ এ বছর ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’র ৪০তম এবং ‘ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা’র ২৫তম বার্ষিকী পালন করছে।

নিরাপদ অভিবাসনে গুরুত্ব

অভিবাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে অভিবাসীরা তাদের জন্মভূমি ও যে দেশে বসবাস করছেন—উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

বাংলাদেশ সরকার নিয়মিত, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি অভিবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আরও জোরালো বৈশ্বিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়