শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:৩২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন
অনলাইন ডেস্ক

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী যেকোনো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এসএসসি পরীক্ষা, রমজান, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হবে। সব বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাবে।

তিনি জানান, ইউনেস্কোর ‘ব্যালট’ প্রকল্পের আওতায় নির্বাচন কমিশন সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অপতথ্য, ভুল তথ্য বা ডিসইনফরমেশন এবং বিদ্বেষমূলক বক্তব্য বা হেইট স্পিচ প্রতিরোধে সংশ্লিষ্টদের সক্ষমতা বাড়ানোই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

ইসি সচিব বলেন, এটি কোনো নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া উদ্যোগ নয়; বরং স্বাধীন ও ধারাবাহিক সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী আলোচনার মাধ্যমে প্রশিক্ষণের বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত করা হবে।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচন আয়োজনের সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

আখতার আহমেদ বলেন, গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু ও সফল নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে মানদণ্ড তৈরি হয়েছে, সেটি ধরে রাখা এবং আরও উন্নত করাই কমিশনের লক্ষ্য। এ জন্য ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখার পাশাপাশি স্থানীয় পরিবেশ ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পরিস্থিতির প্রয়োজন অনুযায়ী কমিশন যেকোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়