প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০
নিউ গিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, ডিবির গুলশান বিভাগের একটি দল অভিযান চালিয়ে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী চার নম্বর এজাহারভুক্ত আসামি।
এর আগে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার গোলাম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলার তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।







