বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬  |  

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপ, বাড়ানো হয়েছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ অ্যাপ, বাড়ানো হয়েছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দেশজুড়ে পুলিশি নজরদারি ও মনিটরিং জোরদার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ব্যবহৃত এনটিএমসির বিশেষ অ্যাপ এবার দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থাপনায় ব্যবহার করা হবে। এ জন্য জেলা পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি পুলিশ হেডকোয়ার্টার্স, বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং টিম সক্রিয় থাকবে।

এ বছর দেশে রেকর্ডসংখ্যক প্রায় ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার প্রায় ১ হাজার ৫০০টি মণ্ডপ বেড়েছে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানায় যাচাই শেষে তাদের পরিচয়পত্র দেওয়া হবে। মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২৪ ঘণ্টা বিকল্প জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগের অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজায় সরকারি ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করেছিল। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটি আরও এক দিন বাড়িয়ে তিন দিন করেছেন। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সনাতন ধর্মাবলম্বীসহ দেশের মানুষ টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে পূজামণ্ডপগুলোতে দেওয়া সরকারি অনুদানের পরিমাণ চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন।

দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

এ সময় সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপরাধী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে।

অপরাধের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

মিরপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশ ভ্যান ভাঙচুরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে যোগাযোগের ঘাটতি বা সমন্বয়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে।

সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্টসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়