প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অসৎ উদ্দেশ্যে কেউ এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান জানান, ২০২৬ সালের আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। সংশ্লিষ্ট সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।
তিনি বলেন, দেশের বাজারে এলপিজির কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ আশ্বাস দেন।
পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও এলপিজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববাজারে পণ্যের দামে জল্পনামূলক প্রবণতা তৈরি হওয়ার প্রভাবেও কিছু পণ্যের দাম বাড়তে পারে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার না পাওয়া এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগও এসেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সেপ্টেম্বরের নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৫৮৫ টাকা।







