প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের সমর্থন চায় যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তের কথা বাংলাদেশকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জাতিসংঘ ও এর বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে মার্কিন প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছে দেশটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান।
সাক্ষাতে রোহিঙ্গা সংকট, মানবপাচার, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবপাচার প্রতিবেদন (টিআইপি), জ্বালানি খাত—বিশেষ করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে এরিক গিলান জানান, রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পাশাপাশি জাতিসংঘ ও এর সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন তিনি।
এ সময় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাম্প্রতিক সিলিকন ভ্যালি সফর নিয়েও জানতে চান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। জাতিসংঘ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নির্বাচনে মার্কিন প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন তিনি।
সিলিকন ভ্যালি সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ক্যালিফোর্নিয়া সফর সফল হয়েছে। সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান, বিভিন্ন স্টার্টআপ ও প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।






