প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০২
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৫৮ জন। সব মিলিয়ে এ বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১৯ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৪০ জন, বরিশালে ১২১ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৭৮ জন, রংপুরে ৫০ জন এবং রাজশাহীতে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৪২১ জনের হাম শনাক্ত হয়েছে।
হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।







