প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:২৪
হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, চলতি বছর মোট প্রাণহানি ১ হাজার ৩৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।
শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের হাম শনাক্ত হয়েছে।







