রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬  |  

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৩০

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হুথিদের ১২১ যোদ্ধা হতাহত

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, হুথিদের ১২১ যোদ্ধা হতাহত
অনলাইন ডেস্ক

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।

তিনি জানান, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটির কয়েকটি প্রদেশে হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সেনাবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাগুলোর মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা। এসব অভিযানে হুথি বাহিনীর ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

ইয়েমেনে লড়াই তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হয়েছে। সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ দাবি করেছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আলজাজিরা, আরব নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়