প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৩২
মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শক ভোটে সেরা বাংলাদেশি মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরা হওয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।
প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও উপস্থাপনার কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীদের মতো বিকিনি না পরে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাকে মঞ্চে হাজির হন তিনি। পোশাকের সঙ্গে ছিল পেছনে ছড়িয়ে পড়া লম্বা নীল কাপড়। তাঁর এই ভিন্নধর্মী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ায়।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি। তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন তিনি।
অন্য এক পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে।
প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে মাহি লেখেন, দেশের মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি। মূল প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে পাওয়া এই স্বীকৃতিকে বাংলাদেশের জন্য অর্জন হিসেবে দেখছেন তিনি।







